বগুড়া-৬ উপনির্বাচন: বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশার মনোনয়নপত্র দাখিল

বগুড়া-৬ উপনির্বাচন: বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশার মনোনয়নপত্র দাখিল

ওয়াফিক শিপলু, বগুড়া: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২ মার্চ) বেলা ১১টার দিকে তিনি জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিলের সময় জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তার সঙ্গে উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর রেজাউল করিম বাদশা সাংবাদিকদের বলেন, "বগুড়া-৬ আসনের জনগণ দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এই উপনির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আমরা বিশ্বাস করি, ভোটাররা তাদের প্রিয় প্রতীক ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে বেগবান করবেন।"

এ সময় উপস্থিত দলীয় নেতৃবৃন্দ দাবি করেন, বগুড়া-৬ আসনে বিএনপির সাংগঠনিক অবস্থান অত্যন্ত শক্তিশালী। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থনের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে বলে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, মো. রেজাউল করিম বাদশার মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে জেলা বিএনপির কার্যালয় ও আদালত পাড়াসহ আশপাশের এলাকায় নেতাকর্মীদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নির্বাচনকে ঘিরে বগুড়া সদর এলাকায় রাজনৈতিক তৎপরতা এখন তুঙ্গে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন