চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আইজিপির

চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আইজিপির

নিজস্ব প্রতিবেদক: চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কড়া বার্তা দিয়েছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ছিনতাই, চাঁদাবাজি এবং মাদক বন্ধে পুলিশকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সোমবার (২ মার্চ) সকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অনলাইন প্ল্যাটফর্মে দেশের সকল জেলার পুলিশ সুপারদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময়কালে আইজিপি এ নির্দেশনা দেন।

আইজিপি বলেন, "মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি কোনোভাবেই বরদাশত করা হবে না। এক্ষেত্রে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও মহাসড়কে তৎপরতা বাড়াতে হবে।" আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার নির্দেশ দিয়ে তিনি আরও বলেন, ঈদে যানজট রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে যাত্রীরা নিরাপদে গন্তব্যে পৌঁছাতে এবং ফিরে আসতে পারেন।

পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার তাগিদ দিয়ে আইজিপি বলেন, "থানায় সেবা নিতে আসা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। মানুষ যেন থানা থেকে হাসিমুখে ফিরতে পারেন এবং পুলিশের ওপর তাদের আস্থা তৈরি হয়, সে লক্ষ্যে কাজ করতে হবে।" তিনি সর্তক করে দিয়ে বলেন, নিরপরাধ মানুষকে কোনোভাবেই হয়রানি করা যাবে না।

সবশেষে তিনি ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের মাধ্যমে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্য জেলা পুলিশ সুপারদের প্রতি আহ্বান জানান। মতবিনিময় সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের সংশ্লিষ্ট অতিরিক্ত আইজিসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন