ইভটিজিংয়ে বাধা দেওয়ায় সিরাজগঞ্জে সংঘর্ষে প্রাণ গেল একজনের

ইভটিজিংয়ে বাধা দেওয়ায় সিরাজগঞ্জে সংঘর্ষে প্রাণ গেল একজনের

জুয়েল রানা, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের কাশিনাথপুর ও রশিদপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে ইভটিজিং নিয়ে সৃষ্ট সংঘর্ষে শাহ আলম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঘটা ওই সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান। নিহত শাহ আলম রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিনাথপুর গ্রামের কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে রশিদপুর উত্তরপাড়া এলাকায় গিয়ে নিয়মিত আড্ডা দিতেন এবং স্থানীয় মেয়েদের উত্ত্যক্ত করতেন। এ নিয়ে রশিদপুর গ্রামের লোকজন তাদের একাধিকবার নিষেধ করেছিলেন। ঘটনার দিন বৃহস্পতিবার রাতে সেই পুরনো বিরোধের জের ধরে কাশিনাথপুরের ওই বখাটে যুবকরা রশিদপুর গ্রামের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলার এক পর্যায়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে তীব্র সংঘর্ষ বেধে যায়। এতে রশিদপুর উত্তরপাড়া গ্রামের বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে শাহ আলমের শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টহল জোরদার করা হয়েছে। এ বিষয়ে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, ঘটনার বিষয়টি তারা অবগত আছেন। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে মামলা দায়ের করা হয়নি।

এই মর্মান্তিক মৃত্যুতে নিহত শাহ আলমের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় এলাকাবাসী দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন