নিষেধাজ্ঞা উপেক্ষা করে চৌগাছার বলুহ মেলায় চলছে মদ-জুয়ার আসর

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ণ
নিষেধাজ্ঞা উপেক্ষা করে চৌগাছার বলুহ মেলায় চলছে মদ-জুয়ার আসর

বিশেষ প্রতিনিধি, যশোর: যশোরের চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলায় প্রশাসনিক নির্দেশনা উপেক্ষা করে রাতভর ঝুলছে আলোকসজ্জা, জমছে মাদক ও জুয়ার আড্ডা। জেলা প্রশাসনের নিয়ম অনুযায়ী প্রতিদিন সকাল থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না।

অনুমতিপত্রে জুয়া, লাকি কুপন, র‌্যাফেল ড্রসহ সব ধরনের প্রতারণামূলক ও অসামাজিক কর্মকাণ্ড কঠোরভাবে নিষিদ্ধ করা হলেও সরেজমিনে ভিন্ন চিত্র দেখা গেছে। মেলার মাঠ সংলগ্ন কপোতাক্ষ নদের পাড় ও বাঁশবাগানকে কেন্দ্র করে চলছে মাদক সেবন, অনলাইন জুয়া ও অসামাজিক কার্যক্রম।

১৫ দিনের অনুমতি পাওয়া এই মেলাকে ঘিরে স্থানীয় হাজরাখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছে। বিদ্যালয়ের ছাদে মাইকের হর্ন বসানো ও অতিরিক্ত শব্দের কারণে শ্রেণি কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে বিদ্যালয়টির কোমলমতি শিক্ষার্থীরা।

সার্বিক বিষয়ে ওরশ ও মেলা পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান বলেন, "রাতে মেলা বেশি জমে। বিপুল সমাগমের সুযোগে কিছু উশৃঙ্খল লোক অনৈতিক কাজে জড়িয়ে পড়তে পারে, তবে আমরা তা নিয়ন্ত্রণের চেষ্টা করছি।"

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, অনৈতিক কর্মকাণ্ড ও জুয়া-মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থান নেবে। অন্যদিকে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম বলেন, নির্ধারিত সময়ের বাইরে মেলা পরিচালনা ও অনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এবং মেলার শর্তাবলী কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন