বিজিবির উদ্যোগে দিনাজপুরের গিরিজা খাল সংস্কার
তাজুল ইসলাম, দিনাজপুর: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুর সেক্টর ও ৪২ বিজিবি ব্যাটালিয়নের নিজস্ব উদ্যোগে শহরের ঐতিহ্যবাহী গিরিজা খাল পরিষ্কার-পরিচ্ছন্ন ও পুনঃখনন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
দিনাজপুর শহরের মিশন রোড, ষষ্ঠীতলা ও দক্ষিণ বালিয়াডাঙ্গা এলাকার বর্জ্য ও পানি নিষ্কাশনের অন্যতম প্রধান মাধ্যম গিরিজা খালটি দীর্ঘদিন সংস্কারের অভাবে ভরাট হয়ে পড়েছিল। জমা বর্জ্য ও কচুরিপানার কারণে জলাবদ্ধতা, মশা-মাছির উপদ্রব এবং তীব্র দুর্গন্ধের সৃষ্টি হয়। এতে খাল সংলগ্ন বিজিবি সদস্য, স্থানীয় বাসিন্দা এবং পার্শ্ববর্তী শহীদ কর্নেল কুদরত ইলাহী পাবলিক স্কুল ও কুঠিবাড়ী বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ে।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসনের সমন্বয়ে গত ২২ থেকে ২৬ জুলাই পর্যন্ত বিজিবির নিজস্ব জনবল ও শ্রমিকদের সহায়তায় খালের আবর্জনা অপসারণ করা হয়। পরবর্তীতে ২৭ জুলাই থেকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক্সকাভেটর ব্যবহার করে খালের ড্রেজিং ও পুনঃখনন কাজ শুরু হয়, যা বর্তমানেও চলমান।
বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, খালটির পুনঃখনন সম্পূর্ণ হলে জলাবদ্ধতা ও মশার উপদ্রব কমবে এবং এলাকায় স্বাস্থ্যসম্মত পরিবেশ ফিরবে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি বিজিবি সর্বদা পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করবে বলে জানান তিনি।
এআইএল/সকালবেলা
|