গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির র‍্যালি

প্রকাশ: বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ণ
গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির র‍্যালি

পলাশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ: গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে গোপালগঞ্জ শহরজুড়ে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। র‍্যালিতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর এবং জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা রফিকউজ্জামান নেতৃত্ব দেন। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

সমাবেশে সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, "আজকের এই ৫ আগস্ট একটি ঐতিহাসিক দিন। বীর শহীদদের ত্যাগের বিনিময়ে দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচার ও ফ্যাসিবাদের শৃৃঙ্খল থেকে মুক্ত হয়ে দেশ আজ স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছে। বাংলাদেশে আর যেন কখনো ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না ঘটে, আজ আমাদের সেই শপথ নিতে হবে।"

জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা রফিকউজ্জামান তাঁর বক্তব্যে বলেন, "পরাধীনতার শৃঙ্খল ভেঙে আমরা ফ্যাসিবাদমুক্ত একটি বাংলাদেশ পেয়েছি। ৫ আগস্টের চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যেতে হবে।"

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন