২৪’এর ৫ আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা ও শেখ রেহানা
২০২৪ সালের ৫ আগস্ট—বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে আলোচিত ও যুগান্তকারী এক অধ্যায়। ছাত্র-জনতার উত্তাল গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাসহ দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুই বছর আগে আজকের এই দিনে (৫ আগস্ট, ২০২৪) দুপুর আড়াইটার দিকে বঙ্গভবন থেকে সামরিক হেলিকপ্টারে করে শেখ হাসিনা ও শেখ রেহানা ভারতের উদ্দেশে দেশত্যাগ করেন।
ইত্তেফাক ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য সূত্রে জানা যায়, ওই দিন তীব্র গণআন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে যান এবং পরবর্তীতে সামরিক হেলিকপ্টারে দেশ ছাড়েন। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানিয়েছিল, দেশ ছাড়ার পূর্বে শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু দ্রুত পরিবর্তিত পরিস্থিতির কারণে সেই সুযোগ পাননি।
শেখ হাসিনার দেশত্যাগের পরপরই তৎকালীন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশের শীর্ষ রাজনৈতিক দলের নেতাদের নিয়ে জরুরি আলোচনায় বসেন এবং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মাধ্যমে সংকট নিরসনে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা গ্রহণের বার্তা দেওয়া হয়।
পরবর্তীতে এই বিশেষ খবর সারা দেশে ছড়িয়ে পড়ার সাথে সাথে লাখো ছাত্র-জনতা রাজপথে নেমে এসে জয়োল্লাস প্রকাশ করেন এবং বাংলাদেশে দীর্ঘ সাড়ে ১৫ বছরের শেখ হাসিনা শাসনের অবসান ঘটে।
|