শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির গণমিছিল অনুষ্ঠিত
মেহেদী হাসান মারুফ, শ্যামনগর (সাতক্ষীরা): "জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাইক্রোস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মোঃ সোলাইমান কবিরের সভাপতিত্বে এবং মোঃ আশেক এলাহী মুন্নার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদীয় প্রার্থী ডক্টর মনিরুজ্জামান মনির। এতে আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন, শহীদুজ্জামান শহীদ, কাশেম মোড়ল, আজিজুল হক, গাজী শাহ আলমসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
সমাবেশে ডক্টর মনিরুজ্জামান মনির বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের চেতনা আমাদের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধকে শক্তিশালী করার অনুপ্রেরণা দেয়। সকল বিভেদ ভুলে দেশ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করাই এই আন্দোলনের মূল শিক্ষা।"
সভা শেষে আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাঁদের চেতনায় একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
এআইএল/সকালবেলা
|