শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদকে হটিয়েছি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের তাজা রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে এবং স্বৈরাচারী ফ্যাসিবাদকে রাজপথ থেকে বিদায় করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি স্পষ্ট করে বলেন, “যে বীর শহীদদের রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এবং অমানবিক ফ্যাসিবাদকে হটিয়েছি, সেই রক্তের প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য। অর্জিত গণতন্ত্রকে বাংলাদেশে স্থায়ী ও শক্তিশালী প্রাতিষ্ঠানিক রূপ দিতে বর্তমান সরকার সম্পূর্ণ ঐক্যবদ্ধ ও দৃঢ় প্রতিজ্ঞ।”
আজ বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় বরিশাল নগরীর আমতলার মোড় এলাকায় অবস্থিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ জাতীয় পর্যায় ও স্থানীয় সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে পুস্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শ্রদ্ধা নিবেদনকালে তথ্যমন্ত্রীর সাথে বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা প্রশাসক মামুন খন্দকার, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজপথের অকুতোভয় জুলাই যোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।
উল্লেখ্য, ঐতিহাসিক ৫ আগস্ট উপলক্ষে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্মৃতিচারণামূলক বিশেষ আলোচনা সভা, বীর জুলাই শহীদদের স্বজনদের সম্মাননা প্রদান এবং আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া দিনটি ঘিরে পুরো বরিশাল জেলাজুড়ে নানা ভাবগাম্ভীর্য ও রাজনৈতিক আয়োজন উদযাপিত হচ্ছে।
|