জামালপুরে জুলাই অভ্যুত্থান দিবস পালিত

প্রকাশ: বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ণ
জামালপুরে জুলাই অভ্যুত্থান দিবস পালিত

ডা. আজাদ খান, জামালপুর: যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে জামালপুরে জুলাই অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (৫ আগস্ট) সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

স্থানীয় সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক সহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পর্যায়ক্রমে জেলা পরিষদ, জেলা পুলিশ, সিভিল সার্জন কার্যালয়, জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যরা, জাতীয় ছাত্রশক্তি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

আলোচনা পর্বে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাঁদের দেখানো পথ ও চেতনাকে ধারণ করে নতুন দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন