জুলাই গণঅভ্যুত্থানে মেয়েরা ভাইয়ের লাশ নিয়ে প্রতিবাদ করেছে: কুবি উপাচার্য

প্রকাশ: বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুত্থানে মেয়েরা ভাইয়ের লাশ নিয়ে প্রতিবাদ করেছে: কুবি উপাচার্য

বি এম ফয়সাল, কুবি: "জুলাই গণঅভ্যুত্থান আমাদের দেখিয়েছে, প্রয়োজনে মেয়েরাও ভাইয়ের লাশের খাটিয়া কাঁধে নিয়ে প্রতিবাদ করেছে। অন্যায়ের বিরুদ্ধে তারা রাজপথে পুলিশের সামনে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তুলেছে।"- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’–এর অনুষ্ঠানে এসব কথা বলেন উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করিম।

বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও শহীদ আব্দুল কাইয়ুমের পরিবারকে মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আরও বলেন, "এই গণঅভ্যুত্থানের অন্যতম অর্জন তরুণ সমাজের অভূতপূর্ব জাগরণ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথ না ছেড়ে অন্যায়ের বিরুদ্ধে লড়েছে। আমরা ক্যাম্পাসে এমন পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে মত, পথ, ধর্ম ও লিঙ্গনির্বিশেষে সবাই সহাবস্থানে থেকে স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে।"

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন এবং প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম। সভায় কুবির বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন