বাউফলে পরিবহন নৈরাজ্য বন্ধে আইনজীবীর লিখিত আবেদন
ইব্রাহিম ফরাজি, বাউফল: পটুয়াখালীর বাউফল উপজেলায় ঢাকা–বাউফল ও বাউফল–ঢাকা রুটে চলাচলকারী দূরপাল্লার পরিবহনগুলোর অনিয়ম বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানিয়ে লিখিত আবেদন করা হয়েছে। সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর এই আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন।
আবেদনে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে এই রুটে লাইসেন্সবিহীন ও অদক্ষ চালক-হেলপার দিয়ে যানবাহন পরিচালনা, ফিটনেসবিহীন ঝুঁকিপূর্ণ গাড়ি চালানো, নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় এবং যাত্রীদের গন্তব্যে না পৌঁছে মাঝপথে নামিয়ে দেয়ার অভিযোগ রয়েছে। এছাড়া ‘দশমিনা পরিবহন’ নামের একটি সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রীবাহী বাসে নিয়মবহির্ভূতভাবে মালামাল পরিবহন করে দুর্ঘটনার ঝুঁকি বাড়ানো হচ্ছে।
আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন জানান, মোবাইল কোর্ট আইন, ২০০৯ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় এসব অপরাধের বিরুদ্ধে তাৎক্ষণিক অর্থদণ্ড ও কারাদণ্ডের বিধান রয়েছে।
বাউফলবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিবহন খাতের এই নৈরাজ্য থেকে সাধারণ যাত্রীদের রক্ষা করতে অনতিবিলম্বে যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জোর দাবি জানান তিনি।
এআইএল/সকালবেলা
|