লালপুরে দুই গ্রুপের সংঘর্ষ: মহাসড়ক অবরোধ

লালপুরে দুই গ্রুপের সংঘর্ষ: মহাসড়ক অবরোধ

মোল্লা মো: আরিফুল ইসলাম, নাটোর: নাটোরের লালপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার গোধড়া বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ বাধে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় উত্তেজিত কর্মীরা নাটোর–পাবনা মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে এবং একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, কদিমচিলান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য দোহা এবং লালপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মজনু পাটোয়ারীর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মজনুকে নিয়ে দোহার এক সমর্থকের আপত্তিকর ভিডিও প্রকাশকে কেন্দ্র করে এই উত্তেজনা চরম আকার ধারণ করে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার এক পক্ষ থানায় অভিযোগ করার পর আজ দুপুরে উভয় পক্ষ পুনরায় সংঘর্ষে লিপ্ত হয়। এসময় বড়াইগ্রামের গুনাইহাটি গ্রামের রাশেদুল ইসলাম গুরুতর আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উত্তেজিত জনতা মজনু পাটোয়ারীর চাচাতো ভাই মোমিন পাটোয়ারীর একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে লালপুর, বড়াইগ্রাম থানা এবং বনপাড়া ও ওয়ালিয়া ফাঁড়ির বিপুল সংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বড়াইগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন