বরিশালে বিশ্ব ধরিত্রী দিবস উদযাপিত

বরিশালে বিশ্ব ধরিত্রী দিবস উদযাপিত

সাঈদ পান্থ, বরিশাল: বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা, রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ইংলিশ অ্যাক্সেস স্কলারশিপ প্রোগ্রামের আওতায় জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজ এবং প্রকৃতি ও জীবন ক্লাব বরিশালের যৌথ উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। আলোচনা সভার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় উৎসাহিত করতে রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কর্মসূচি শেষে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে একটি করে গাছের চারা তুলে দেন অতিথিবৃন্দ।

প্রকৃতি ও জীবন ক্লাব বরিশালের সভাপতি অধ্যাপক মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ও জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান কবি সাহলে এম শেলী। ক্লাবের সাধারণ সম্পাদক অ্যালবার্ট রিপন বল্লভের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজের প্রিন্সিপাল সত্যজিৎ রায় এবং ক্লাবের সমন্বয়কারী সাঈদ পান্থ।

প্রধান অতিথি কবি সাহলে এম শেলী বলেন, "পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন করে তুলতে হবে। দেশপ্রেম ও প্রকৃতিপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের এই ধরিত্রীকে রক্ষা করতে হবে।" বক্তারা আরও উল্লেখ করেন যে, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শিক্ষক সাদিয়া আফরিন দোলা, সুমাইয়া বিনতে মাহমুদ সুমি এবং প্রকৌশলী অমন কৃষ্ণ রায়সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন