সিংড়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত ৩০

সিংড়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত ৩০

মোল্লা মো: আরিফুল ইসলাম, নাটোর: নাটোরের সিংড়ায় জমিজমা সংক্রান্ত পুরোনো বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। 

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ডাহিয়া ইউনিয়নের পারীল গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারীল গ্রামের সিরাজুল ও কালাম গ্রুপের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দফায় দফায় চলা এই সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে এক পক্ষের সিরাজুল, আইনুল হক, আব্দুল আজিজসহ ১০-১২ জন এবং অপর পক্ষের হাসি, মাফুজুল, মুর্শেদুলসহ প্রায় ১৫-১৮ জন আহত হন। আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে গ্রামটিতে থমথমে অবস্থা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন