ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. আমিনুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট): বাগেরহাটের মোরেলগঞ্জে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে ৩টি খাল পুন:খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় দৈবজ্ঞহাটী ইউনিয়নের হামছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি আব্দুল আলীম বলেন, "সবার ওপরে দেশ এবং জনগণের স্বার্থ। ব্যক্তিগত স্বার্থ পরিহার করে জনস্বার্থকে প্রাধান্য দিতে হবে। জাতীয় স্বার্থের ক্ষেত্রে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, তবে তার সাথে কোনো আপোষ নেই—সে নিজের দলের নেতাকর্মী হলেও ছাড় দেওয়া হবে না।" তিনি আরও স্পষ্ট করে বলেন, সরকারি রেকর্ডীয় খালে বাঁধ দিয়ে ব্যক্তিগত স্বার্থে মাছ চাষ করা যাবে না; পানি চলাচলের জন্য খাল সবসময় উন্মুক্ত থাকবে।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের আওতায় আড়াই কিলোমিটার হামছাপুর খাল, পুকুর ডানা খাল ও কচুবুনিয়া খালসহ মোট ৬ কিলোমিটার এলাকা পুন:খনন করা হচ্ছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম জানান, এই প্রকল্প বাস্তবায়িত হলে অত্র অঞ্চলের প্রায় ১ হাজার হেক্টর ফসলি জমি মিষ্টি পানির সেচ সুবিধার আওতায় আসবে। এতে কৃষকরা এক ফসলের পরিবর্তে তিন ফসল উৎপাদন করতে পারবেন, যা কয়েক হাজার কৃষক পরিবারের ভাগ্য বদলে দেবে।
বাগেরহাট জেলা সেচ বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি দমন কমিশনের পিপি অ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল, বিএডিসি নির্বাহী প্রকৌশলী জামাল ফারুক, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মো. শাহাদাৎ হোসাইন এবং উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেখ শামীম হোসাইন।
ফলক উন্মোচন শেষে দেশের সমৃদ্ধি ও জনকল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ