ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সাঈদ পান্থ, বরিশাল: বরিশালের মেহেন্দীগঞ্জে জাটকা বিরোধী অভিযানে যাওয়ার পথে মৎস্য অধিদপ্তরের তিন কর্মচারীর ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার পুরাতন স্টিমারঘাট সংলগ্ন বালুমহাল স্টেডিয়াম এলাকায় এই হামলার শিকার হন তারা।
আহতরা হলেন—মেহেন্দীগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নাজিম উদ্দিন, মো. শামীম ও সিয়াম হোসেন। আহত নাজিম উদ্দিন জানান, রাতে স্পিডবোট নিয়ে নদীতে জাটকা বিরোধী অভিযানে যোগ দেওয়ার জন্য তারা মোটরসাইকেলযোগে স্টিমারঘাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বালুমহাল স্টেডিয়ামের কাছে পৌঁছালে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। একপর্যায়ে মোটরসাইকেলটি থামিয়ে ২০-২৫ জন লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় মোহাম্মদ হোসেন গাজী, আলমগীর সরদার ও জহির মাতুব্বরের নির্দেশে মোস্তফা আকন, কবির হোসেন, সবুজ বেপারীসহ একদল সন্ত্রাসী এই হামলা চালায়। হামলাকারীরা তিন কর্মচারীকে পিটিয়ে রক্তাক্ত জখম করার পাশাপাশি তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি ব্যাপক ভাঙচুর করে। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে মেহেন্দীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করেন।
মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন জানান, হামলার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছিল, তবে তার আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, হামলার বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ হোসেন গাজীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ