ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ বাপ্পি শেখ, ঝিনাইদহ: মেয়ের হাতে রান্না করা খাবার একসাথে বসে খাওয়ার কথা ছিল। ব্যাগে ছিল প্রিয়জনের জন্য নেওয়া মুড়ি আর নাস্তার প্যাকেট। কিন্তু পথিমধ্যেই এক মরণঘাতী ট্রাক কেড়ে নিলো মায়ের প্রাণ। ঝিনাইদহ সদর উপজেলার আরাপপুর জামতলা সড়কে শুক্রবার (২৪ এপ্রিল) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সাম্মী আক্তার (৪২)।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্মী আক্তার তার স্বামী মিজানুর রহমানের সাথে মোটরসাইকেলে করে কুষ্টিয়া থেকে ঝিনাইদহে মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। জামতলা মডেল মসজিদের সামনে পৌঁছালে রাস্তার একটি ঝাঁকুনিতে মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে রাস্তায় পড়ে যান তিনি। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা একটি দ্রুতগামী বালুবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর দেখা যায়, মোটরসাইকেলের হ্যান্ডেলে ঝুলে আছে মেয়ের পরিবারের জন্য কুষ্টিয়া থেকে আনা মুড়ি ও হরেক পদের খাবারের প্যাকেট। এই ব্যাগগুলো যেন নিথর হয়ে পড়া মায়ের চিরস্থায়ী অপূর্ণতার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রিয় খাবারের অপেক্ষায় থাকা মেয়ের দুয়ারে পৌঁছানো হলো না সাম্মী আক্তারের।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। পুলিশ ঘাতক ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চালাচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এই মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিমিষেই একটি আনন্দযাত্রা পরিণত হলো চিরকালীন কান্নায়।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ