শ্রীপুরে ঝড়ের পর বিদ্যুৎহীন ৩ গ্রাম

শ্রীপুরে ঝড়ের পর বিদ্যুৎহীন ৩ গ্রাম

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখী ঝড়ের দুই দিন পেরিয়ে গেলেও বিদ্যুৎ সংযোগ সচল করতে পারেনি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। গত বুধবার থেকে টানা ৪৬ ঘণ্টা ধরে উপজেলার কাওরাইদ ইউনিয়নের তিনটি গ্রাম বিদ্যুৎবিহীন থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ।

গত বুধবার বিকেলের ঝড়ে গাছপালা ভেঙে বৈদ্যুতিক লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেই থেকে হয়দেবপুর, জাহাঙ্গীরপুর ও গলদাপাড়া গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। গ্রামগুলোতে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। এমনকি শুক্রবার জুমার নামাজের সময় অনেক মসজিদে অজুর পানি পর্যন্ত ছিল না। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের ফ্রিজে রাখা মাছ, মাংসসহ অন্যান্য খাবার নষ্ট হয়ে গেছে।

সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে চলমান এসএসসি পরীক্ষার্থীরা। বিদ্যুৎ না থাকায় সন্ধ্যার পর তারা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। হয়দেবপুর গ্রামের আক্তার হোসেন মণ্ডল জানান, "খাবার পানির হাহাকার আর পড়াশোনার পরিবেশ না থাকায় পরীক্ষার্থীরা দিশেহারা হয়ে পড়েছে।"

ময়মনসিংহ পল্লী বিদুৎ সমিতি-২-এর কাওরাইদ (সাব-জোনাল অফিসের) ভারপ্রাপ্ত এজিএম মনিরুল ইসলাম জানান, ঝড়ে গাছপালা পড়ে তার ছিঁড়ে গেছে এবং বেশ কয়েকটি খুঁটি ভেঙে পড়ায় মেরামত কাজ দীর্ঘায়িত হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা নিরবচ্ছিন্ন কাজ করছেন এবং মেরামত শেষ হওয়া মাত্রই বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।

শ্রীপুরের এই তিনটি গ্রামের মানুষ দ্রুত বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন