ফকিরহাট থেকে অপহৃত শিশু খুলনায় উদ্ধার, আটক ১

ফকিরহাট থেকে অপহৃত শিশু খুলনায় উদ্ধার, আটক ১

মাসুম বিল্লাহ, বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে অপহৃত ১৮ মাস বয়সী শিশু কন্যা রাফছাকে উদ্ধার করেছে র‍্যাব-৬। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয়ন শেখ (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল ২০২৬) সকাল ১১টার দিকে ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের আঃ রশিদ খানের বাড়ি থেকে এই অপহরণের ঘটনা ঘটে। অপহৃত শিশু রাফছা ওই গ্রামের আঃ রশিদ খানের মেয়ে। আটক নয়ন শেখ খুলনার টুটপাড়া এলাকার আসলাম শেখের ছেলে।

ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, ঘটনার দিন সকালে প্রতিবেশী ভাড়াটিয়া নয়নের স্ত্রী শিশুটিকে কোলে নেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যান। দীর্ঘ সময় পার হলেও শিশুটিকে ফেরত না দেওয়ায় পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরবর্তীতে জানা যায়, নয়ন শিশুটিকে নিয়ে বাইরে গেছে। শিশুটির বাবা রশিদ খান মোবাইল ফোনে যোগাযোগ করলে নয়ন অসংলগ্ন কথা বলে এবং মুক্তিপণ হিসেবে টাকা দাবি করে। এমনকি টাকা না দিলে শিশুটির ক্ষতি করার হুমকিও দেওয়া হয়।

র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে নিয়ে পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে খুলনায় অভিযান পরিচালনা করে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার এবং অভিযুক্ত নয়ন শেখকে আটক করা হয়।

আটক নয়ন শেখকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। দ্রুততম সময়ে শিশুটিকে উদ্ধার করায় র‍্যাব ও পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে শিশুটির পরিবার।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন