ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. মোকতার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) ভোর সকাল থেকে শুরু হওয়া এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানি-শান্তিনগর এলাকায় রাসেল ও হামিদ নামে দুটি গ্রুপের মধ্যে এলাকা নিয়ন্ত্রণ ও পূর্ব শত্রুতার জের ধরে দীর্ঘদিনের উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় আজ ভোরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষ চলাকালীন বেশ কিছু বাড়িঘর ও দোকানপাটে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এই রক্তক্ষয়ী সংঘর্ষে দুই গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছেন। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পিরোজপুর ইউনিয়নের পাঁচানি ও শান্তিনগর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ