ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে ডিবিএল গ্রুপের ‘জিন্নাত নিটওয়্যার লিমিটেড’ কারখানার তিন কর্মকর্তাকে অপহরণ করে মুক্তিপণ দাবি এবং এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
বুধবার (১ এপ্রিল ২০২৬) রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ধনুয়া গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করলেও মূল হোতা ইমন এখনো পলাতক।
কারখানা ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে কাটিং সেকশনের তিন কর্মকর্তা—নিশাদ (৩৫), মিঠুন (৩২) ও অরূপ কুমার (৩৮) কারখানার সামনে একটি চায়ের দোকানে নাস্তা করতে যান। এসময় দেশীয় অস্ত্রে সজ্জিত একদল সন্ত্রাসী তাঁদের ওপর হামলা চালিয়ে জোরপূর্বক তুলে নিয়ে যায়। অপহরণের পর তাঁদের পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ যৌথ তল্লাশি শুরু করে। প্রায় তিন ঘণ্টা পর চিহ্নিত সন্ত্রাসী ইমনের বাড়ির পাশ থেকে তাঁদের রক্তাক্ত ও হাত-পা কাটা অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ রাতভর অভিযান চালিয়ে ধনুয়া গ্রামের ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন: ১. শাহীন আলম (২৬) ২. নয়ন মিয়া (৩৪) ৩. রবিন (৩০) ৪. দুলাল মিয়া (৩৩) ৫. মাহাবুব হোসেন (৩০)
স্থানীয় বাসিন্দা তোরাব আলী ও সোহাগ জানান, অভিযুক্ত ইমনের ভয়ে পুরো এলাকা তটস্থ থাকে। তার বাড়ির পাশে একটি নিজস্ব ‘টর্চার সেল’ রয়েছে, যেখানে সাধারণ মানুষকে তুলে নিয়ে লোহার রড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পাশবিক নির্যাতন করা হয়। তার বিরুদ্ধে অন্তত এক ডজন মামলা থাকলেও এলাকায় তার প্রভাব কমেনি।
গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. এনামুল হক মনি জানান, আটককৃতদের মধ্যে দুজন বিএনপির অঙ্গসংগঠনের কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, “খবর পেয়ে আমরা অতিরিক্ত পুলিশ নিয়ে অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করি। সন্ত্রাসীরা তাঁদের শরীরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে আঘাত করেছে। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মূল হোতা ইমনসহ অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। থানায় ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে।”
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ