গোপালগঞ্জে বিএনপির ওয়ার্ড সভাপতি সাধারণ সম্পাদককে অব্যাহতি

গোপালগঞ্জে বিএনপির ওয়ার্ড সভাপতি সাধারণ সম্পাদককে অব্যাহতি

পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের  অভিযোগে বিএনপির এক ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে পদ হতে অব্যাহতি দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দলীয় হাই কমান্ডের নির্দেশে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর গত ১২ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করে। তবে সরকার গঠনের মাসখানেকের মাথায় কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিত্যানন্দ বাড়ৈ ও সাধারণ সম্পাদক সমর দাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে। 

স্থানীয় সূত্রে জানা যায়, তারা ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মাথাপিছু ১১০০ টাকা করে হাতিয়ে নেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিষয়টি জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকউজ্জামানের নজরে এলে তার নির্দেশে কলাবাড়ি ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সর্বসম্মতিক্রমে নিত্যানন্দ বাড়ৈ ও সমর দাসকে দলীয় পদ হতে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। কলাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি সঞ্জয় মজুমদার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক রফিকউজ্জামান জানান, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধ। কোনো পথভ্রষ্ট কর্মীর জন্য দলের ভাবমূর্তি নষ্ট হতে দেওয়া হবে না। প্রতিটি ইউনিটের নেতাদের নিজ নিজ কর্মীদের ওপর নজর রাখতে হবে যাতে কেউ জনস্বার্থবিরোধী কাজে লিপ্ত না হয়।"

তিনি আরও দৃঢ় কণ্ঠে বলেন, "দীর্ঘ ২০ বছর ধরে গোপালগঞ্জে বিএনপির যে পরিচ্ছন্ন ভাবমূর্তি আমি ধরে রেখেছি, দু-একজনের অপকর্মের জন্য তা কিছুতেই ম্লান হতে দেব না। অন্যায় করলে কঠোর প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা অব্যাহত থাকবে।"

এলাকাবাসীর মতে, দলের এমন দ্রুত ও কঠোর পদক্ষেপে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছেছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন