ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইউসুফ, হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা এলাকায় তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার দীর্ঘ ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে।
বুধবার (১ এপ্রিল ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
রেলওয়ে সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী ৯৫১ নম্বর তেলবাহী ট্রেনটি মনতলা রেলস্টেশন অতিক্রম করার সময় হঠাৎ লাইনচ্যুত হয়। এতে ট্রেনের ৫টি অয়েল ট্যাংকার ওয়াগনসহ মোট ৬টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এর মধ্যে একটি বগি রেললাইনের পাশের খালে পড়ে যায় এবং কয়েকটি বগি লাইনের বাইরে ছিটকে পড়ে। প্রতিটি ওয়াগনে প্রায় ৪০ হাজার লিটার ডিজেল ছিল বলে জানা গেছে।
দুর্ঘটনার পরপরই সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন রাত সোয়া ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। উদ্ধার কাজে রেলওয়ের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।
দুর্ঘটনাস্থল থেকে তেল চুইয়ে বের হতে থাকলে স্থানীয় কিছু মানুষ তা সংগ্রহের চেষ্টা চালায়। এসময় বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান জানান, বিজিবির উদ্ধারকারী দল নিজস্ব ব্যবস্থাপনায় ড্রাম ও জারকিন সংগ্রহ করে প্রায় ১ হাজার লিটার ডিজেল সংরক্ষণ করেছে, যা সরকারি সম্পদের অপচয় রোধে সহায়ক হয়েছে।
মনতলা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আতাউর রহমান খাদেম জানান, দীর্ঘ প্রচেষ্টার পর উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করেছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ