ঝিনাইদহে ‘শয়তানের নিঃশ্বাসে’র খপ্পরে মাগুরার যুবক: আটক ১

ঝিনাইদহে ‘শয়তানের নিঃশ্বাসে’র খপ্পরে মাগুরার যুবক: আটক ১

মোঃ বাপ্পি শেখ, ঝিনাইদহ: ঝিনাইদহে মলম পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন মাগুরার এক যুবক। 

বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) সকালে মাগুরা-চুয়াডাঙ্গা রুটের একটি যাত্রীবাহী বাসে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোঃ বিল্লাল হোসেন (পিতা: সিরাজুল ইসলাম) মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া এলাকার বাসিন্দা। তিনি সকালে মাগুরার ভাইনা মোড় থেকে ঝিনাইদহের উদ্দেশ্যে ‘বাধন এক্সপ্রেস’ নামক একটি বাসে ওঠেন। পথিমধ্যে বাসের ভেতরেই একটি সংঘবদ্ধ প্রতারক চক্র তাকে টার্গেট করে।

চক্রের সদস্যরা কৌশলে তার সঙ্গে পরিচয় গড়ে তোলে। একপর্যায়ে তার নাকের সামনে একটি কাগজ ধরলে, সেটি পড়তে গিয়েই তিনি অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়ভাবে এই পদ্ধতিকে ‘শয়তানের নিঃশ্বাস’ (স্কোপোলামিন ড্রাগ) বলা হয়। এই সুযোগে প্রতারকরা তার মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নেয়।

বাসটি ঝিনাইদহ সদর উপজেলার ৯নং পোরাহাটি ইউনিয়নের ঝিনাইদহ ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে যানজটের কারণে ধীরগতিতে চলতে থাকে। এ সময় মলম পার্টির সদস্যরা বাস থেকে নেমে পালানোর চেষ্টা করে। বাসের যাত্রীদের সন্দেহ হলে তারা ধাওয়া করে। এসময় স্থানীয় ‘সবুজ বাংলা টিভি’র পরিচালক সুলতান অল এনাম বিষয়টি লক্ষ্য করে ঘটনাস্থলে উপস্থিত হয়ে একজনকে জাপটে ধরেন।

অচেতন অবস্থায় বিল্লাল হোসেনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। খবর পেয়ে তার পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে এসে উপস্থিত হন।

দিনদুপুরে বাসের ভেতরে এমন অভিনব কায়দায় প্রতারণার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, মহাসড়ক ও গণপরিবহনে এ ধরনের প্রতারক চক্রের দৌরাত্ম্য বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও কঠোর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন