স্থানীয় সাংবাদিকদের সাথে জিএমপি কমিশনারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

স্থানীয় সাংবাদিকদের সাথে জিএমপি কমিশনারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রেজাউল করিম মজুমদার, গাজীপুর: গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা করেছেন। 

বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) জিএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে এই সৌহার্দ্যপূর্ণ সভাটি আয়োজিত হয়।

মতবিনিময় সভায় কমিশনার মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন। তিনি বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে জিএমপির সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার উল্লেখ করেন যে, জিএমপি এলাকায় চুরি, ডাকাতি ও জুট সিন্ডিকেট দমন এবং মাদক নির্মূলে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে নিরলস কাজ করে যাচ্ছে। তিনি বলেন, “মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষায় এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতে পুলিশের পাশাপাশি সাংবাদিকদের গঠনমূলক সংবাদ ও তথ্য দিয়ে সহায়তা করা জরুরি।”

সভায় উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মহানগরীর বিভিন্ন সমস্যা ও নিরাপত্তা জোরদার করার বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন। কমিশনার ধীরস্থিরভাবে সকলের বক্তব্য শোনেন এবং পুলিশের বিভিন্ন ইউনিটের কাজে এসব পরামর্শ অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন।

উক্ত ঈদ পুনর্মিলনী সভায় জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং গাজীপুরে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কমিশনার উপস্থিত সকলের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন