কাতারের আমীরের ইন্তিকালে শোকবইয়ে মাওলানা মামুনুল হকের স্বাক্ষর
ডেস্ক রিপোর্ট: কাতারের সাবেক আমীর শেখ হামাদ বিন খলিফা আল থানি-এর ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।
আজ মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) ঢাকায় অবস্থিত কাতার দূতাবাসে গিয়ে তিনি সংরক্ষিত শোকবইয়ে স্বাক্ষর করেন। মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানি কাতারের বর্তমান আমীর হিজ হাইনেস শেখ তামিম বিন হামাদ আল থানি-এর পিতা।
মাওলানা মামুনুল হক কাতার দূতাবাসে পৌঁছালে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলি আল-কাহতানি তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং কাতারের রাজপরিবার ও জনগণের পক্ষ থেকে সমবেদনা গ্রহণ করেন।
শোকবার্তায় মাওলানা মামুনুল হক মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার নিকট তাঁর জন্য জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি কাতারের বর্তমান আমীর, শোকসন্তপ্ত রাজপরিবার, সরকার এবং দেশটির জনগণের প্রতি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করেন।
এ সময় আমীরে মজলিসের সাথে দলটির পররাষ্ট্রবিষয়ক সচিব ফারিদ খান উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা
|