সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা: কাল মনোনয়ন দাখিলের শেষ দিন

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা: কাল মনোনয়ন দাখিলের শেষ দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

মনোনয়নপ্রাপ্তদের মধ্যে রয়েছেন প্রবীণ নেত্রী সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু এবং নেওয়াজ হালিমা আর্লি। তালিকায় আরও স্থান পেয়েছেন নিপুণ রায় চৌধুরী, শাকিলা ফারজানা, জেবা আমিন খান, সানসিলা জেবরিন এবং আলোচিত ছাত্রদল নেত্রী মানসুরা আক্তারের মতো তরুণ মুখগুলো। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি হিসেবে থাকছেন মাধবী মারমা। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ত্যাগী ও যোগ্য নেত্রীদের সমন্বয় ঘটিয়ে এই তালিকা প্রস্তুত করা হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তপশিল অনুযায়ী, আগামীকাল ২১ এপ্রিল সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২২ ও ২৩ এপ্রিল বাছাই প্রক্রিয়া শেষে আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এবার আসন বন্টনের হিসেব অনুযায়ী বিএনপি জোট মোট ৩৬টি সংরক্ষিত আসন পাচ্ছে, যার সবগুলোতেই প্রার্থী চূড়ান্ত করল দলটি।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন