ইসলামী আন্দোলনের যশোর জেলা কমিটি গঠন
আব্দুল্লাহ আল মামুন, বিশেষ উপজেলা প্রতিনিধি যশোর: ইসলামী আন্দোলন বাংলাদেশের যশোর জেলা শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে আগামী মেয়াদের জন্য সর্বসম্মতিক্রমে মাওলানা আব্দুল হালিমকে সভাপতি এবং আলহাজ এইচ এম মহাসিনকে জেলা সেক্রেটারি নির্বাচিত করা হয়।
আজ শনিবার (১৮ জুলাই ২০২৬) যশোরে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতি আহমদ আব্দুল জলিল।
জেলা শাখার সভাপতি আলহাজ আব্দুল হালিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তারা বলেন, ইসলামী আদর্শভিত্তিক, ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে দেশ ও জাতির চলমান সংকট মোকাবিলায় ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, সৎ ও দক্ষ নেতৃত্ব গড়ে তোলা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, জনগণের অধিকার, ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে কাজ করার আহ্বান জানান তাঁরা।
সম্মেলনে যশোর জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে আগত মজলিসে শূরার সদস্যরা অংশ নেন। আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।
এআইএল/সকালবেলা
|