দিল্লিতে সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
অনলাইন ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অবিলম্বে অপসারণ এবং বিতর্কিত ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাতিলের দাবিতে রাজধানী নয়াদিল্লিতে তীব্র বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নির্বাচন কমিশনের কার্যালয় অভিমুখে এই মিছিল যাওয়ার পথে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে।
শিক্ষার্থী, কৃষক ও নাগরিক সমাজের বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত জোট ‘পিপল অ্যাগেইনস্ট এসআইআর’-এর ডাকে কনট প্লেস এলাকার বাংলা সাহিব গুরুদুয়ারা থেকে প্যাটেল চকের নির্বাচন কমিশন কার্যালয় পর্যন্ত এই মিছিলের আয়োজন করা হয়। পুলিশের পূর্বানুমতি ছাড়াই শান্তিপূর্ণ এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
একই দিনে কেরালা রাজ্যে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ) ও বিভিন্ন ছাত্রসংগঠন। রাজ্যের নতুন গভর্নর ওম প্রকাশ মাথুরের দায়িত্ব গ্রহণের দিনই লোকভবন অভিমুখে এই কর্মসূচি পালিত হয়। এদিকে ভোটার নিবন্ধন হালনাগাদের নামে গৃহীত প্রশাসনিক সিদ্ধান্ত ও সিইসির ভূমিকার স্বাধীন তদন্ত দাবি করে শুক্রবার পাঞ্জাব বিধানসভায় একটি আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপন করেন রাজ্যের অর্থমন্ত্রী হরপাল সিং চিমা। অন্যদিকে চেন্নাইয়ে মুখ্য নির্বাচনী কর্মকর্তার নেতৃত্বাধীন সর্বদলীয় বৈঠক থেকে এসআইআর প্রক্রিয়ার ভুলত্রুটির প্রতিবাদে ওয়াকআউট করেছে তামিলনাড়ুর ক্ষমতাসীন দল টিভিকে ও তাদের মিত্ররা।
এদিকে নির্বাচন কমিশনের অন্দরে প্রশাসনিক দ্বন্দ্ব ও বিশৃঙ্খলা আবারও প্রকাশ্যে চলে এসেছে। দুই নির্বাচন কমিশনার কমিশনের এক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে পূর্বানুমতি ছাড়াই দায়িত্ব পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ এনে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ সচিবের নিকট লিখিত অভিযোগ করেছেন, যা তথ্য জানার অধিকার (আরটিআই) আইনে প্রকাশ পেয়েছে।
অন্যদিকে, নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৬’-এর মূল বক্তব্যে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসকে তীব্র আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দলটিকে ‘পরজীবী’ ও ‘ব্যর্থ পণ্য’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি দাবি করেন, কংগ্রেসের রাজনৈতিক নীতির কারণেই দেশের প্রকৃত সংস্কার আন্দোলনগুলোর কণ্ঠস্বর চাপা পড়ে যাচ্ছে।
সকালবেলা / নুসরাত