ইরান যুদ্ধের দ্রুত সমাপ্তি চান ডোনাল্ড ট্রাম্প

প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ণ
ইরান যুদ্ধের দ্রুত সমাপ্তি চান ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক: ইরানের বিরুদ্ধে চলমান ভয়াবহ সামরিক সংঘাত ও উত্তেজনার মধ্যে খুব দ্রুতই এই যুদ্ধের শেষ দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার একটি স্থানীয় গণমাধ্যমকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, "আমি এটি কোনো না কোনোভাবে শেষ হতে দেখছি— তা আলোচনার মাধ্যমে কোনো চুক্তির মধ্য দিয়েই হোক কিংবা অন্য কোনো উপায়ে।" তবে বর্তমানে কোনো গোপন কূটনৈতিক আলোচনা চলছে কি না কিংবা যুদ্ধের সমাপ্তি টানতে কত দিন সময় লাগতে পারে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমার কথা তিনি স্পষ্ট করেননি।

প্রেসিডেন্ট ট্রাম্প জোর দিয়ে দাবি করেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে চিরতরে বিরত রাখাই মার্কিন সামরিক অভিযানের মূল লক্ষ্য। পূর্ববর্তী মার্কিন প্রশাসনগুলো এই হুমকির সামনে ব্যর্থ হয়েছিল দাবি করে তিনি বলেন, "আমাকে বাধ্য হয়েই ইরানে হামলা চালাতে হয়েছে, তা না হলে এতদিনে তাদের হাতে পারমাণবিক অস্ত্র চলে আসত।"

এদিকে ফ্লোরিডায় অনুষ্ঠিত রিপাবলিকানদের এক নির্বাচনী প্রচারণা সভায় ট্রাম্প কড়া বার্তা দিয়ে বলেন, তেহরান যদি দ্রুত আমেরিকার দেওয়া শর্ত মেনে নতুন চুক্তিতে সম্মত না হয়, তবে তাদের ওপর আরও এক দফা বিধ্বংসী সামরিক অভিযান চালানো হবে। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, "তারা চাইলে আলোচনার টেবিলে এসে সরাসরি মূল আলোচনায় বসতে পারে, অন্যথায় আমরা হয়তো আরেকটি ছোটখাটো 'এপিক ফিউরি' অভিযান চালাতে পারি।"

উল্লেখ্য, চলতি বছরের গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে 'অপারেশন এপিক ফিউরি' পরিচালনা করেছিল, যেখানে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী এবং তাঁর পরিবারের সদস্যরা নিহত হন। এছাড়া বক্তব্যকালে ট্রাম্প পূর্বে চালানো 'অপারেশন মিডনাইট হ্যামার'-এর উল্লেখ করে দাবি করেন, সেই হামলায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা পুরোপুরি নিশ্চিহ্ন করা সম্ভব হয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের এই হুমকির পর চুপ থাকেনি তেহরানও। ওয়াশিংটনকে স্পষ্টভাবে 'আগুন নিয়ে না খেলার' চরম হুশিয়ারি দিয়েছে দেশটি। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ফের হামলা চালালে পারস্য উপসাগরীয় অঞ্চলের সমুদ্রগর্ভস্থ সাবমেরিন যোগাযোগ ও ইন্টারনেট ক্যাবল লক্ষ্য করে বড় ধরনের বিধ্বংসী পদক্ষেপ নেওয়ার বিস্তারিত পরিকল্পনা ইতোমধ্যে চূড়ান্ত করে ফেলেছে ইরান।

এক ইরানি নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, নতুন করে কোনো আগ্রাসন এলে আর কোনো 'রেড লাইন' থাকবে না। ক্যাবলে হামলা চালিয়ে তা মেরামতকাজ দীর্ঘায়িত করার মাধ্যমে বৈশ্বিক ইন্টারনেট সংযোগে অচলাবস্থা তৈরি করা এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানাই হবে ইরানের প্রথম কাজ।

সকালবেলা / নুসরাত