সাগরে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি

প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ
সাগরে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি

অনলাইন ডেস্ক: বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে শেষ পর্যন্ত একটি ‘সুস্পষ্ট লঘুচাপে’ পরিণত হয়েছে। পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে প্রবেশ বা বিচরণ না করার জন্য কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সকালে আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, পূর্ব-মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করা লঘুচাপটি সকাল ৬টার দিকে আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। বর্তমানে এটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। আবহাওয়াবিদদের মতে, এই সুস্পষ্ট লঘুচাপটি ক্রমান্বয়ে আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অধিকতর শক্তিশালী রূপ ধারণ করতে পারে।

সম্ভাব্য দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং উত্তর বঙ্গোপসাগর ও গভীর সমুদ্রের বর্তমান উত্তাল অবস্থার কথা মাথায় রেখে উপকূলের সকল মৎস্যজীবী ও ট্রলার মালিকদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যারা ইতিমধ্যে সাগরের কাছাকাছি বা কিছুটা গভীরে অবস্থান করছেন, তাদেরকে দ্রুত নিরাপদ দূরত্বে অথবা উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী বুলেটিন না আসা পর্যন্ত এই সতর্কতা বহাল থাকবে।

সকালবেলা / নুসরাত