ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ দুই দশক পর এক নতুন রাজনৈতিক অধ্যায়ে পদার্পণ করছে বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে ও তাঁর নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।
এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে সংসদ ভবনের শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন তারেক রহমানসহ বিএনপির ২০৯ জন নবনির্বাচিত প্রতিনিধি। শপথ গ্রহণ শেষে বেলা ১১টায় সংসদীয় দলের প্রথম বৈঠকে বসেন তাঁরা, যেখানে তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে ‘সংসদ নেতা’ নির্বাচিত করা হয়। তবে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি ও সাংবিধানিক অসংগতির কারণে বিএনপির এমপিরা এখনই ‘সংবিধান সংস্কার পরিষদের’ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না।
বিএনপির এই ভূমিধস বিজয়ের কারিগর তারেক রহমান এমন এক সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন, যখন দেশ একটি দীর্ঘ গণতান্ত্রিক খরা কাটিয়ে নতুন সম্ভাবনার পথে হাঁটছে। ২০০৬ সালে তাঁর মা বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্বের মেয়াদ শেষ হওয়ার ঠিক ২০ বছর পর তিনি রাষ্ট্র পরিচালনার হাল ধরছেন। আজকের এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিএনপি ষষ্ঠবারের মতো রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হতে যাচ্ছে।
নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন, তা নিয়ে দেশজুড়ে ব্যাপক কৌতূহল বিরাজ করছে। দলীয় সূত্রে জানা গেছে, প্রবীণ ও নবীনের সমন্বয়ে একটি দক্ষ মন্ত্রিসভা উপহার দিতে চাইছেন তারেক রহমান। সম্ভাব্য তালিকায় নাম শোনা যাচ্ছে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ (যিনি সংসদ উপনেতা হতে পারেন), মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের। এছাড়া জোটের শরিকদের মধ্য থেকে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জোনায়েদ সাকি এবং নুরুল হক নুরের মন্ত্রিসভায় (প্রতিমন্ত্রী হিসেবে) অন্তর্ভুক্ত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, ৬৮টি আসন নিয়ে প্রধান বিরোধী দলের আসনে বসতে যাওয়া জামায়াতে ইসলামীও তাদের সংসদীয় দলের বৈঠকের প্রস্তুতি নিচ্ছে। সেখানে বিরোধীদলীয় নেতা, উপনেতা ও চিফ হুইপ নির্বাচন করা হবে। সংসদ ভবন ও এর আশপাশ এলাকায় উৎসবমুখর পরিবেশের পাশাপাশি নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ