কিশোরগঞ্জ-৬ এর শরীফুল আলমও ডাক পেলেন মন্ত্রিসভায়

কিশোরগঞ্জ-৬ এর শরীফুল আলমও ডাক পেলেন মন্ত্রিসভায়

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর-১ এর এহসানুল হক মিলনের পর এবার কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার ডাক পেয়েছেন। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে টেলিফোনের মাধ্যমে তাঁকে এই সুসংবাদ জানানো হয়।

শরীফুল আলমের ঘনিষ্ঠ সূত্রগুলো এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। এছাড়া, আজ সকাল সাড়ে ১০টার দিকে শরীফুল আলমের ভেরিফাইড ফেসবুক পেজে ‘আলহামদুলিল্লাহ প্রতিমন্ত্রী’ লিখে একটি সংক্ষিপ্ত পোস্ট দেওয়া হয়, যা মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। কিশোরগঞ্জের রাজনৈতিক মহলে এবং তাঁর নির্বাচনী এলাকায় এই খবরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীফুল আলম কিশোরগঞ্জ-৬ আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট পেয়ে বিশাল ব্যবধানে বিজয়ী হন। তাঁর এই ঐতিহাসিক জয়ের পর থেকেই তিনি নতুন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন বলে গুঞ্জন ছিল। আজ সকাল ১০টা ৪০ মিনিটে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর এখন তিনি বিকেলের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন।

বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং তাঁর নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। শরীফুল আলমের এই অন্তর্ভুক্তি কিশোরগঞ্জ জেলা থেকে নতুন সরকারের প্রতিনিধিত্ব নিশ্চিত করল।

সকালবেলা 

মন্তব্য করুন