ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
অনলাইন ডেস্ক: বিএনপি ‘সংবিধান সংস্কার পরিষদের’ সদস্য হিসেবে শপথ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর এবার কঠোর অবস্থান নিয়েছে ১১-দলীয় জোট। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, বিএনপি এই শপথ না নেওয়া পর্যন্ত ১১-দলীয় জোটের নির্বাচিত সদস্যরাও কোনো ধরনের শপথ নেবেন না।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ এই তথ্য নিশ্চিত করেন। তিনি লেখেন, "আইন অনুযায়ী বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় কোনো শপথই নেবে না ১১-দলীয় জোট।"
এর আগে অপর এক পোস্টে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, "গণভোটের জনরায়কে প্রথম দিনেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুরু হলো নতুন সংসদের যাত্রা।" তাঁর এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের শরিক হিসেবে জাতীয় নাগরিক পার্টি এবারের নির্বাচনে ৬টি আসনে জয়লাভ করেছে। জামায়াত আগেই জানিয়েছিল, বিএনপি সংস্কার পরিষদের শপথ বর্জন করলে তারাও একই পথে হাঁটবে। এবার আসিফ মাহমুদের এই ঘোষণা জোটের অবস্থানকে আরও স্পষ্ট করল। বিএনপি ও জামায়াত-এনসিপি’র এই অনড় অবস্থানের কারণে জুলাই অভ্যুত্থান পরবর্তী সংবিধান সংস্কার প্রক্রিয়া শুরুতেই বড় ধরনের আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়ল।
সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ