দেশের সব জেলা যাবে রেল নেটওয়ার্কে, সরকারের বড় মাস্টারপ্ল্যান
অনলাইন ডেস্ক: দেশের প্রতিটি জেলাকে জাতীয় রেল নেটওয়ার্কের সরাসরি আওতায় আনতে বিশাল ও দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। বর্তমানে দেশের ৪৮টি জেলা রেল যোগাযোগের সুবিধা পেলেও এখনো ১৬টি জেলা রয়েছে রেলসেবার বাইরে। পর্যায়ক্রমে দেশের সব ৬৪টি জেলাতেই ট্রেনের চাকা পৌঁছানোর লক্ষ্যে শুরু হয়েছে প্রাথমিক কাজ।
রেলওয়ে সূত্র জানিয়েছে, সেবা বঞ্চিত ১৬টি জেলার মধ্যে প্রথম ধাপে অগ্রাধিকার ভিত্তিতে ১০টি জেলাকে জাতীয় রেল নেটওয়ার্কে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। জেলাগুলো হলো— শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্মীপুর। বর্তমানে এসব জেলায় নতুন লাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই ও সমীক্ষার কাজ চলছে।
পরবর্তী ধাপে পার্বত্য তিন জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এবং ভোলা, নেত্রকোনা ও মানিকগঞ্জকে রেললাইনের আওতায় আনার পরিকল্পনা রাখা হয়েছে।
ইতোমধ্যে প্রথম ধাপের একাধিক প্রকল্পে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। যশোরের নাভারন থেকে সাতক্ষীরা পর্যন্ত রেলপথ নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা শেষ এবং তা অনুমোদনের অপেক্ষায় আছে। এছাড়া মধুখালী-মাগুরা, নোয়াখালীর চৌমুহনী থেকে লক্ষ্মীপুর এবং শেরপুর হয়ে নাকুগাঁও স্থলবন্দর পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের কাজ পরিকল্পনাধীন।
দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগেও রেলযোগাযোগে দ্রুত অগ্রগতি দেখা যাচ্ছে। ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশাল, পটুয়াখালী ও পায়রা বন্দর হয়ে পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যন্ত প্রায় ২০৫ কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথের নকশা ও সমীক্ষা সম্পন্ন হয়েছে। বিশাল এই প্রকল্প বাস্তবায়নে আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৪ হাজার কোটি টাকা।
তবে রেল কর্মকর্তাদের মতে, জমি অধিগ্রহণ, অর্থায়ন ও সমীক্ষা শেষ করে নতুন লাইনে ট্রেন চালু করতে আরও কয়েক বছর সময় লাগবে। বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান জানান, বেশিরভাগ প্রকল্পই এখন প্রাথমিক বা সমীক্ষা পর্যায়ে রয়েছে, যা শেষ হলে ধাপে ধাপে নির্মাণ শুরু হবে।
বর্তমানে দেশে প্রতিদিন ৪০০টিরও বেশি যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল করে, যা বছরে প্রায় ১০ কোটি যাত্রী এবং ১ কোটি টন মালামাল পরিবহন করছে। নতুন অঞ্চলগুলো যুক্ত হলে দেশের অর্থনৈতিক সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে।
রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এ বিষয়ে জানান, ‘দেশের যোগাযোগব্যবস্থায় যুগান্তকারী রূপান্তর আনতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় দেশের কোনো অঞ্চলকে পিছিয়ে না রেখে প্রতিটি প্রান্তেই ধাপে ধাপে ট্রেন সার্ভিস চালু করা হবে।’
|