হেফাজতের কাছ থেকে জামায়াতের শেখা উচিত: রাশেদ খাঁন
অনলাইন ডেস্ক: ইসলামী মূল্যবোধ প্রসারের কৌশল ও চর্চায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে হেফাজতে ইসলামের কাছ থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন অভিযোগ করেন, ইসলামী রাজনীতি ও শরিয়াহ আইন প্রতিষ্ঠার কথা বললেও জামায়াতের বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে ইসলামের মৌলিক আদর্শের বৈসাদৃশ্য স্পষ্ট। তিনি বলেন, 'ইসলামী মূল্যবোধ কীভাবে প্রচার করতে হয়, তা হেফাজতে ইসলামের কাছ থেকে শেখা উচিত। জামায়াত ইসলাম ও ইসলামী মূল্যবোধ থেকে অনেক দূরে সরে গেছে।'
তিনি আরও বলেন, ধর্মের দোহাই বা 'জান্নাতের টিকিট' দেওয়ার নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টার বিরুদ্ধে হেফাজত আমিরের স্পষ্ট বক্তব্য দেশবাসীকে সচেতন করেছে।
সাক্ষাৎকালে দেশের বর্তমান সরকারকে সহযোগিতা করা ও ফ্যাসিবাদবিরোধী ঐক্য অক্ষুণ্ণ রাখার বিষয়ে আলোচনা হয়েছে জানান তিনি। অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা