চট্টগ্রামে নিষিদ্ধ আ. লীগের মিছিলে ধাওয়া দিয়ে ১২ জনকে আটক
বিশেষ প্রতিবেদক: চট্টগ্রামের কোতোয়ালি থানার সিআরবি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ব্যানারে মিছিলের চেষ্টাকালে ধাওয়া দিয়ে ১২ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে সিআরবি এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ জানায়, জুমার নামাজের পর চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থান থেকে মাইক্রোবাস ও মোটরসাইকেল যোগে সিআরবি এলাকায় সমবেত হন নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। সেখানে তাঁরা মিছিল শুরু করলে টহল পুলিশ তাৎক্ষণিক ধাওয়া দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
প্রাথমিকভাবে জানা গেছে, আটক ব্যক্তিরা ক্ষমতাচ্যুত সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, সিআরবি এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টাকালে ১২ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অভিযান পরিচালনা করা হচ্ছে। আটককৃতদের পরিচয় যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআইএল/সকালবেলা