প্রতি উপজেলায় স্টেডিয়াম ও কম্পিউটার ল্যাব করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, ভোলা: যুবসমাজকে আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষিত করে দেশের প্রতিটি ঘরে কর্মসংস্থান সৃষ্টি করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, বিগত স্বৈরাচার সরকার ১৭ বছর শুধু নিজেদের উন্নয়ন করেছে, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছুই করেনি। বর্তমান সরকার প্রতিটি পরিবারকে স্বাবলম্বী করার জন্য ফ্রিল্যান্সিং ও এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রশিক্ষণের মাধ্যমে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে যুবকদের দক্ষ করে তোলার উদ্যোগ নিয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ভোলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ এবং ডিভাইস আসক্তি দূর করার বিষয়ে গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, “ডিভাইসের হাত থেকে আমাদের সন্তানদের দূরে রাখতে চাই। তাই চতুর্থ শ্রেণি থেকে ‘খেলাধুলা’ নামক একটি বই পাঠ্যপুস্তকে সংযোজন করে তা বাধ্যতামূলক করা হচ্ছে। খেলাধুলায় উদ্বুদ্ধ করে সমাজ ব্যবস্থার একটি গুণগত পরিবর্তন আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে তিনি ঘোষণা দেন যে, তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তৈরি করে জাতীয় পর্যায়ে তাদের ভূমিকা নিশ্চিত করতে দেশের প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক স্টেডিয়াম ও কম্পিউটার ল্যাব নির্মাণ করা হবে।
ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহাবুব উল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেন, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম, ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. শেখ মো. জোনায়েদ হোসেন, ভোলা জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর এবং ভোলা পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাওসার (পিপিএম)। এ সময় প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য দেন জিনান মাহামুদ, ফাতেমা বেগম মীম ও ফারজানা শিমু প্রমুখ।
অনুষ্ঠান শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ’ প্রকল্পের অষ্টম ব্যাচ এবং ‘এআই প্রশিক্ষণ’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে প্রকল্পের ছয়জন দক্ষ প্রশিক্ষণার্থীর মাঝে অনুপ্রেরণা হিসেবে একটি করে কম্পিউটার বিতরণ করা হয়। এর আগে সকালে তিনি প্রশিক্ষণার্থীদের তৈরি একটি উদ্ভাবনী বায়োগ্যাস প্লান্টেরও উদ্বোধন করেন।