এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশেষ প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার রাধানগর গ্রামের অভিভাবকহীন ও অসহায় পাঁচ কন্যার পরিবারের পাশে দাঁড়িয়েছে 'আমরা বিএনপি পরিবার'। অভাব-অনটনের সংসারে মাত্র এক মাসের ব্যবধানে মা-বাবার ঝুলন্ত লাশ উদ্ধারের মর্মান্তিক ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তা বিএনপি চেয়ারম্যান ও 'আমরা বিএনপি পরিবার'-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। খবরটি পেয়েই তিনি পরিবারটির সার্বিক সহায়তায় প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ দেন।
শুক্রবার (২ অক্টোবর) 'আমরা বিএনপি পরিবার'-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দোহারের বিলাশপুর ইউনিয়নের রাধানগর গ্রামে প্রয়াত কৃষক দম্পতি আবুল কালাম আজাদ ও ফরিদা বেগমের বাড়িতে যায়।
প্রতিনিধি দলটি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন এবং এতিম পাঁচ কন্যার সাথে কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পরিবারটিকে নগদ আর্থিক সহায়তা এবং উপহারসামগ্রী হস্তান্তর করা হয়।
সাংবাদিকদের ব্রিফিংকালে সংগঠনটির সদস্য সচিব বলেন, যেকোনো দলমত নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্ল্যাটফর্মটি গঠন করেছেন। সংবাদপত্রের মাধ্যমে পরিবারটির দুর্দশার খবর জানার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে তাঁদের সহায়তা করার নির্দেশনা দেন। তিনি জানান, ভবিষ্যতে দেশের এমন যেকোনো অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে 'আমরা বিএনপি পরিবার'-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ এবং ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘদিনের ঋণগ্রস্ততা ও চরম অভাব-অনটনের মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে মাত্র ৩১ দিনের ব্যবধানে আত্মহত্যা করেন কৃষক আবুল কালাম আজাদ ও তাঁর স্ত্রী ফরিদা বেগম।
এআইএল/সকালবেলা