ডোমারে প্রতিবন্ধী সন্তান নিয়ে অসহায় মায়ের সংগ্রাম: সহায়তার আকুতি
মোঃ মকবুলার রহমান, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের শব্দিগঞ্জ ফরেস্ট সংলগ্ন এলাকায় তিন সন্তানকে নিয়ে চরম দারিদ্র্য ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন মোছাঃ ছকিনা খাতুন। শারীরিকভাবে প্রতিবন্ধী এক বছরের ছোট ছেলে মারুফের চিকিৎসা চালাতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন এই অসহায় মা।
পারিবারিক সূত্রে জানা যায়, ছকিনা খাতুনের তিন সন্তানের মধ্যে বড় মেয়ে মারুফা (১৩), মেজো মেয়ে মুনতাহা (৬) এবং ছোট ছেলে মারুফ (১)। জন্মের পর থেকেই ছোট ছেলে মারুফ শারীরিকভাবে প্রতিবন্ধী; সে নিজে বসতে পারে না এবং মাথা সোজা করে রাখতেও সমস্যায় পড়ে। চিকিৎসকদের মতে, দীর্ঘমেয়াদি চিকিৎসা ও পরিচর্যা পেলে শিশুটির অবস্থার উন্নতি সম্ভব হলেও অর্থের অভাবে বর্তমানে চিকিৎসা সম্পূর্ণ বন্ধ রয়েছে।
ভুক্তভোগী ছকিনা খাতুন জানান, সন্তানের চিকিৎসায় ইতোমধ্যে তাঁর বিপুল অর্থ ব্যয় হয়েছে। স্বামী মাসুম বিল্লাহ পরিবারের কোনো খোঁজখবর না নেওয়ায় তিন সন্তানকে নিয়ে তিনি চরম কষ্টে দিন কাটাচ্ছেন। একমাত্র ছেলের চিকিৎসার ব্যয়ভার বহন করা তাঁর পক্ষে আর সম্ভব হচ্ছে না।
এলাকাবাসীর মতে, পরিবারটি দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছে। প্রতিবন্ধী শিশুটির দেখভালের কারণে ছকিনা খাতুনের উপার্জনের সুযোগও সীমিত। স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল শিশুটির চিকিৎসা ও পরিবারের সার্বিক সহায়তায় উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
এআইএল/সকালবেলা