রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সের ফ্যান খুলে পড়ে চিকিৎসক আহত
মেহেদী মাছুম, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলন্ত ফ্যান খুলে পড়ে এক নারী চিকিৎসক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) হাসপাতালটির চিকিৎসকদের জন্য নির্ধারিত রেস্টরুমে দায়িত্ব পালনকালে এ দুর্ঘটনা ঘটে। আহত চিকিৎসকের নাম ডা. ফৌজিয়া মোস্তফা।
হাসপাতাল সূত্রে জানা যায়, রেস্টরুমে অবস্থানকালে হঠাৎ ছাদ থেকে ঝুলন্ত ফ্যানটি খুলে ডা. ফৌজিয়ার ওপর পড়ে। ফ্যানটি সরাসরি মাথায় না পড়ে কাঁধের ওপর পড়ায় তিনি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান। তবে এতে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। এ ঘটনায় হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
আহত চিকিৎসক ডা. ফৌজিয়া জানান, ঝুলন্ত ফ্যানটি খুলে কাঁধের ওপর পড়ায় তিনি আহত হয়েছেন। পরবর্তীতে যেকোনো বড় দুর্ঘটনা এড়াতে হাসপাতালের ঝুঁকিপূর্ণ সরঞ্জামগুলো দ্রুত পরীক্ষা ও মেরামত করার জোর দাবি জানান তিনি।
এ বিষয়ে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মামুনূর রশীদ পলাশ জানান, হেলথ ইঞ্জিনিয়ারিং বিভাগকে লিখিতভাবে জানানো সত্ত্বেও হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের অবকাঠামোগত অবস্থা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। অবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
এআইএল/সকালবেলা