চাটখিলে শ্বশুরবাড়িতে যুবকের রহস্যজনক মৃত্যু
বিশেষ প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলের এক যুবক লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে শ্বশুরবাড়িতে রহস্যজনক পরিস্থিতিতে মারা গেছেন। নিহত যুবকের নাম মোহন (৩২)। তিনি চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ঈদাগাজী পাটোয়ারী বাড়ির নুরুজ্জামানের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে চন্দ্রগঞ্জ থানার ৯ নম্বর উত্তর জয়পুর ইউনিয়নের গুজার দিঘীর পাড় এলাকায় শ্বশুরবাড়িতে মোহন বিষপান করেছেন বলে খবর পান স্বজনেরা। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে প্রথমে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে নোয়াখালী সদর হাসপাতালে স্থানান্তর করা হলে সন্ধ্যায় দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রাতে লাশ বাড়িতে নিয়ে আসেন স্বজনেরা।
খবর পেয়ে চাটখিল থানা-পুলিশ রাত আনুমানিক ৩টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুনরায় নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহত মোহনের চার বছরের একটি ছেলেসন্তান রয়েছে।
পারিবারিক সূত্রে অভিযোগ করা হয়েছে, মোহনের স্ত্রী দীর্ঘদিন ধরে বাপের বাড়িতে অবস্থান করছিলেন। একাধিকবার ফিরিয়ে আনতে গেলেও স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের অসৌজন্যমূলক আচরণ ও মানসিক নির্যাতনের শিকার হতেন তিনি। এই বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হলেও, এটি হত্যা নাকি আত্মহত্যা—তা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এআইএল/সকালবেলা