বন্যায় ঘরহারা বিধবা শান্তি বালা, মেলেনি সহায়তা

প্রকাশ: শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ
বন্যায় ঘরহারা বিধবা শান্তি বালা, মেলেনি সহায়তা

রূপম চাকমা, দীঘিনালা: বন্যায় বসতঘর হারিয়ে জরাজীর্ণ এক কুঁড়েঘরে মানবেতর জীবনযাপন করছেন খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের মাইফা পাড়ার বিধবা শান্তি বালা ত্রিপুরা। স্বামীহারা এই নারী ঘরবাড়ি হারিয়ে দীর্ঘ দিন ধরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটালেও এখন পর্যন্ত কোনো সরকারি সহায়তা পাননি।

স্থানীয় সূত্রে জানা যায়, বন্যার পানিতে বসতঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ও বসবাসের অনুপযোগী হয়ে পড়লে একটি ছোট কুঁড়েঘরে আশ্রয় নেন শান্তি বালা। সামান্য ওই জায়গাতে কষ্টে দিন কাটার পাশাপাশি বৃষ্টি নামলেই চাল গড়িয়ে ভেতরে পানি পড়ে। জঙ্গল থেকে শাকসবজি কুড়িয়ে তা বাজারে বিক্রি করে কোনোমতে এক বেলার খাবার জোটে তাঁর।

ক্ষতিগ্রস্ত শান্তি বালা ত্রিপুরা আক্ষেপ করে বলেন, বন্যায় ঘর নষ্ট হওয়ার পর সহায়-সম্বলহীন অবস্থায় এই কুঁড়েঘরে কষ্টে দিন কাটাচ্ছেন। বিভিন্ন সরকারি ত্রাণের কথা শুনলেও তাঁর ভাগ্যে কিছুই জোটেনি। ঘর সংস্কার বা নতুন করে ঘর তোলার সামর্থ্য তাঁর নেই।

এলাকাবাসীর দাবি, একজন অসহায় ও বিধবা নারী হিসেবে শান্তি বালা ত্রিপুরাকে দ্রুত সরকারি সহায়তার আওতায় আনা উচিত। তাঁকে একটি নিরাপদ আবাসনসহ স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন