ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ: আটক সাত শতাধিক
অনলাইন ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ প্রদর্শনের সময় রাজধানী নয়া দিল্লির যন্তর মন্তর এলাকা থেকে আম আদমি পার্টির (এএপি) শীর্ষ নেতাসহ সাত শতাধিক আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম ও ভোটার তালিকা থেকে বহু নাম বাদ পড়ার অভিযোগে যন্তর মন্তরে এ বিক্ষোভের ডাক দেওয়া হয়। আম আদমি পার্টিসহ অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এআইএসএ), স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই) ও ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়ার (এনএসইউআই) শত শত নেতাকর্মী এতে অংশ নেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা (বিএনএসএস ২০২৩-এর ১৬৩ ধারা) জারি করে পাঁচ বা ততোধিক মানুষের সমাগম ও মিছিল নিষিদ্ধ করে। পুলিশী বাধা ভেঙে অগ্রসর হওয়ার চেষ্টা করলে এএপি নেতা সৌরভ ভরদ্বাজ, সঞ্জীব ঝা, আতিশি ও রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং ছাড়াও বিভিন্ন ছাত্র সংগঠনের অন্তত ৭০০ সদস্যকে আটক করা হয়।
বিক্ষোভ দমনে আশপাশের এলাকায় ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং ব্যারিকেড দিয়ে পথ রোধ করা হয়েছে। একই সাথে নিরাপত্তার স্বার্থে সেন্ট্রাল দিল্লির বেশ কয়েকটি মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
এআইএল/সকালবেলা