শিশু হাসপাতালে কক্ষে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ণ
শিশু হাসপাতালে কক্ষে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হঠাৎ আকস্মিক পরিদর্শনে গিয়ে এক জ্যেষ্ঠ চিকিৎসককে নিজ অফিস কক্ষে ধূমপানরত অবস্থায় দেখতে পান প্রধানমন্ত্রী তারেক রহমান। কোমলমতি শিশুদের চিকিৎসা কেন্দ্রে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ ও চরম নোংরা পরিবেশ দেখে চরম ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত চিকিৎসককে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে শিশু হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবার মান, পরিচ্ছন্নতা এবং কর্মকর্তা-কর্মচারীদের কর্মপরিবেশ সরেজমিনে খতিয়ে দেখতে কোনো পূর্বঘোষণা ছাড়াই সেখানে পরিদর্শনে যান প্রধানমন্ত্রী।

হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ ঘুরে দেখার একপর্যায়ে প্রধানমন্ত্রী প্রতিষ্ঠানটির সহযোগী অধ্যাপক ডা. রফিকুল ইসলামের কক্ষে প্রবেশ করেন। এ সময় ওই চিকিৎসককে নিজ কক্ষে প্রকাশ্যে ধূমপান করতে দেখা যায়। একই সঙ্গে তাঁর কক্ষটি অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন অবস্থায় ছিল।

বিশেষায়িত একটি শিশু হাসপাতালের ভেতর একজন দায়িত্বরত চিকিৎসকের এমন অনিয়ম ও নীতিবহির্ভূত আচরণ দেখে কঠোর মনোভাব ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি তাৎক্ষণিকভাবে উপস্থিত শিশু হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে ডেকে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশের পরপরই ডা. রফিকুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দেন যে, সরকারি হাসপাতালগুলোতে কোনো ধরনের অবহেলা বা অস্বাস্থ্যকর পরিবেশ বরদাশত করা হবে না। দেশের সকল সরকারি হাসপাতালে কঠোরভাবে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা, সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং ডাক্তারসহ সংশ্লিষ্ট সকল স্বাস্থ্যকর্মীকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও মানবিকতার সাথে রোগী সেবা দেওয়ার তাগিদ দেন সরকারপ্রধান।