দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার
সকালবেলা অনলাইন: দুর্নীতি প্রতিরোধ এবং রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করতে তরুণদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার (১৬ অক্টোবর) জাতীয় সংসদের এলডি হলে ফিউচার বাংলাদেশ আয়োজিত দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ইয়ুথ মডেল ইউনাইটেড নেশনস ২০২৬’ (বিওয়াইএমইউএন) সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার বলেন, "দেশের ভবিষ্যৎ নেতৃত্বকে কেবল ব্যক্তিগত যোগ্যতা ও সনদ অর্জনে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং রাষ্ট্রীয় সর্বস্তরে ইনসাফ ও আইনের শাসন প্রতিষ্ঠায় সোচ্চার হতে হবে।" জিপিএ-৫ পাওয়ার সংকীর্ণ প্রতিযোগিতার বাইরে এসে সৃজনশীলতা, ইতিবাচক চিন্তা ও প্রযুক্তিভিত্তিক সক্ষমতা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে তরুণদের আত্মত্যাগ ও আকাঙ্ক্ষাকে ধারণ করেই নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশ গেলেও পাঠ শেষে অর্জিত জ্ঞান নিয়ে দেশের রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখার অনুরোধ জানান তিনি। একই সাথে ভিন্নমত সহ্য করার গণতান্ত্রিক মানসিকতা গড়ে তুলতে তরুণদের সংসদীয় অধিবেশন দেখার পরামর্শ দেন ডেপুটি স্পিকার।
অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল এবং ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডোলান্ড।
আয়োজকেরা জানান, দুই দিনব্যাপী এই ছায়া জাতিসংঘ সম্মেলনে দেশের ৬৪টি জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫০০ জন তরুণ প্রতিনিধি অংশ নিচ্ছেন।
এআইএল/সকালবেলা