কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন: নিহত বেড়ে ৯, আহত ৬
অনলাইন ডেস্ক: কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সংলগ্ন মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার ‘টুপটুপ রিসোর্ট’-এ এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৯ জন পর্যটকের মৃত্যু হয়েছে এবং অন্তত ৬ জন মারাত্মকভাবে আহত হয়েছেন।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আকতার সমকালকে মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, আগুনে পুড়ে ৯ জন প্রাণ হারিয়েছেন এবং ৬ জন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা এখনও অব্যাহত রয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার (১৭ অক্টোবর) সকাল আনুমানিক ৮টার দিকে রিসোর্টটিতে আকস্মিক আগুন লেগে তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ একযোগে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ দুই ঘণ্টার প্রচেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য জানান, অগ্নিকাণ্ডের সময় রিসোর্টটিতে অন্তত ১৭ জন পর্যটক অবস্থান করছিলেন। দুর্ঘটনাস্থল থেকে ইতিমধ্যে ৭ জনের মরদেহ উদ্ধার করা হলেও পরবর্তীতে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়ায়। প্রাথমিক ধারণানুযায়ী নিহতরা সবাই পর্যটক, তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, মৃত ও হতাহতদের সঠিক পরিচয় নির্ণয়ে কাজ করছে পুলিশ।
এদিকে দুর্গাপূজার ছুটিতে পরিবার-পরিজন নিয়ে সমুদ্রসৈকতে বেড়াতে এসে এমন মর্মান্তিক দুর্ঘটনায় ভেঙে পড়েছেন স্বজনেরা। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক হৃদয়বিদারক ভিডিওতে দেখা যায়, এক নারী পর্যটক অঝোরে কাঁদতে কাঁদতে বলছেন, ‘আমার সাইফকে আইন্না দাও।’ জানা গেছে, ওই নারী এক সাংবাদিকের বোন, তবে নিখোঁজ বা আহত সাইফের পরিচয় বা অবস্থান এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে, ভয়াবহ অগ্নিকাণ্ডের পর দায় এড়াতে রিসোর্টটির মালিক ও কর্মকর্তা-কর্মচারীরা স্থান ছেড়ে পালিয়ে গেছেন। আগুনের সুনির্দিষ্ট সূত্রপাত, ক্ষয়ক্ষতির মোট আর্থিক পরিমাণ এবং প্রতিষ্ঠানটিতে বাধ্যতামূলক অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন।