রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিজের ঘরের মত পরিচ্ছন্ন রাখতে হবে: এমপি খোকন তালুকদার
বি. এম. হানিফ (কালকিনি-ডাসার): নিজ পরিবারের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিজের ঘর বা আমানত মনে করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নেতা আনিসুর রহমান খোকন তালুকদার।
শনিবার (১৭ অক্টোবর) সকালে কালকিনি পৌরসভার আয়োজনে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধের লক্ষ্যে দেশব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাগরিকদের উদ্দেশে এমপি খোকন তালুকদার বলেন, "যেখানেই সেবা নিতে যাবেন, সেই প্রতিষ্ঠানকে নিজের বাড়ি মনে করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চান। তাঁর কর্মী হিসেবে আমরাও সর্বদা আপনাদের পাশে থাকতে বদ্ধপরিকর। তবে এর জন্য সবার সচেতনতা ও সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি।"
কালকিনি পৌর এলাকায় পরিচালিত এই পরিচ্ছন্নতা অভিযানে বিশেষ উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও যুবদল নেতা সিকদার মামুন, যুবদল নেতা শামীম মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদার এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
এআইএল/সকালবেলা