নারায়ণগঞ্জে পাটের গুদামে ভয়াবহ আগুন
অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) বন্দর এলাকার কুড়িপাড়া বটতলায় একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গুদামসহ সংলগ্ন অন্তত ১৪টি ছোট টিনের ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) ভোররাতে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে কুড়িপাড়া বটতলা এলাকার পাটের গুদামে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীরা। মুহূর্তেই আগুন আশপাশের টিনের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বন্দর ফায়ার স্টেশনের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় এক ঘণ্টার নিরলস চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্ত পাটের গুদামগুলোর মালিকদের মধ্যে আনোয়ার হোসেন, রাজা মিয়া, সোহেল, জয়নাল, ইমাম হোসেন ও আবু বক্কর অন্যতম। আগুনে তাদের গুদামে রক্ষিত বিপুল পরিমাণ পাট ও আনুষঙ্গিক মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে প্রায় ১৪টি ঘর ও মালামাল পুড়ে ৫০ লাখ টাকার ক্ষতি হলেও, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে সংলগ্ন আরও প্রায় এক কোটি টাকার ধনসম্পদ ও মালামাল অক্ষত অবস্থায় রক্ষা করা সম্ভব হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, অগ্নিকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না এবং প্রকৃত ক্ষয়ক্ষতির সঠিক হিসাব পেতে তদন্ত পরিচালনা করা হচ্ছে।